ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

যশোরে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিক্ষার্থী।

শুক্রবার দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের রুস্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহানা সুলতানা মুক্তা (১৫) যশোর সদর উপজেলার ভগবতীতলা গ্রামের কামাল হোসেনের মেয়ে ও নীলগঞ্জ প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। আহত জেসমিন নাহার একই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

এ ঘটনার পর ট্রাকটি আটক করে হেলপার আবু সিদ্দিকীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আবু সিদ্দিকী (৩৫) বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
 
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সকালে মুক্তা তার বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে ফিরে রুস্তমপুর বাজারে অবস্থান করছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়লে ট্রাকচাপায় আহত হয় মুক্তা ও জেসমিন।

স্থানীয় লোকজন মুক্তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত জেসমিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এফএ/এমএস