ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতুতে নিয়োগ : সাংবাদিকের নামে চার্জশিট

প্রকাশিত: ০২:৪১ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

পদ্মা সেতুতে শ্রমিক নিয়োগের প্রতারণা মামলায় সাংবাদিক হাবিবুল্লাহ হাবিবকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোরের সিআইডি পুলিশ।

মামলার তদন্ত শেষে শনিবার যশোর কোর্ট পুলিশের দফতরে এ চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (ওসি) জাকির হোসাইন।

হাবিব শহরের বারান্দী-মোল্লাপাড়ার মৃত মোস্তাক আহম্মেদের ছেলে।

মামলার বিবরণ মতে, সাংবাদিক হাবিবুল্লাহ হাবিব পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক পদে ১২ হাজার টাকা বেতনে লোক নিয়োগ দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রামের ১৫০ জনের কাছ থেকে প্রাথমিকভাবে ৮ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা নেন। এরপর তিনি তাদের পদ্মা সেতুতে চাকরি না দিয়ে ঘোরাতে থাকেন। এরপর ২০১৫ সালের ২০ অক্টোবর সকালে হাবিবের বাড়ি টাকা ফেরত চাইতে গেলে না দিয়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

এ ব্যাপারে প্রেসক্লাব যশোরের সভাপতি বরাবর অভিযোগে দেয়া হয়। প্রেসক্লাবে অভিযোগ দিয়ে কোনো ফল না পাওয়ায় ২৬ অক্টোবর যশোর র‌্যাব ক্যাম্পে অভিযোগ দেন ভুক্তভোগীরা। এদিন বিকেলে র‌্যাব সদস্যরা হাবিবের অফিসে অভিযান চালিয়ে তাকে আটক ও ১৩৮টি ভুয়া নিয়োগপত্র এবং ২৭টি ছবিসহ জীবন বৃত্তান্ত উদ্ধার করে।

এ ব্যাপারে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত ইয়াসিন আলীর ছেলে শামীম পারভেজ মিন্টু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।

মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি হাবিবুল্লাহ হাবিবকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

মিলন রহমান/এআরএ/আরআইপি