বেনাপোলে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে বেনাপোল থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে আমদানি পণ্য নিয়ে বন্দরনগরী বেনাপোলে আটকা পড়েছে শতাধিক ট্রাক।
সোমবার সকাল থেকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দরে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে পেঁয়াজভর্তি ৭০টি ট্রাকসহ কয়েকশ’ ট্রাক বেনাপোল কাস্টমসের বাঁশকলের সামনে আটকা পড়ে থাকতে দেখা যায়।
ভারত থেকে আমদানি পণ্য চালান কাস্টমস থেকে শুল্ককরাদি পরিশোধ করার পরও ট্রাকের অভাবে খালাস নিতে পারেনি। ৭০ ট্রাক পেঁয়াজভর্তি ট্রাক ধর্মঘটের মধ্যে পড়ে বেনাপোল কাস্টমসের বাঁশকলের সামনে আটকে রয়েছে।
এছাড়া বন্দর থেকে পণ্য নিয়ে বের হতে না পারায় বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। তবে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলছে।
সোমবার বন্দর এলাকা ঘুরে দেখা গেছে, ভারত থেকে আসা রফতানি পণ্যবোঝাই ট্রাক খালি করা হচ্ছে। আমদানি-রফতানিসহ বন্দর ও শুল্কভবনের সকল কাজকর্ম স্বাভাবিক রয়েছে। হ্যান্ডলিং শ্রমিকরা কাজ করছে শুধু। তবে আমদানি পণ্য নিয়ে কোনো ট্রাক কিংবা কাভার্ডভ্যান বন্দর ছাড়তে দেখা যায়নি।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকালের দিকে অসংখ্য ট্রাকে পেঁয়াজ লোড হয়ে বন্দর থেকে বের হয়ে প্রধান সড়কে দাঁড়িয়ে আছে। বন্দরের সামনে সড়কের দুইপাশে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে পণ্য পরিবহনের জন্য। তবে বন্দরের মধ্যে কাজকর্ম ও আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন জানান, বেনাপোল বন্দর থেকে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ’শ ট্রাক ও কাভার্ডভ্যান ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে যায়। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকায় বেনাপোল বন্দরে কাঁচামাল পেঁয়াজের অন্তত ৭০টি ট্রাক আটকে আছে। দু’একদিন বন্দরে পড়ে থাকলে এসব পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচা মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে। পণ্য পরিবহন বন্ধ থাকলে অনেক শিল্প প্রতিষ্ঠানের ওপর এর প্রভাব পড়বে। পাশাপাশি বন্দরে পণ্যজট দেখা দেবে।
ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির বেনাপোলের চেয়ারম্যান জিএম আজিম উদ্দিন জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘট সোমবার ভোর থেকে শুরু হয়েছে। ধর্মঘটের কারণে বেনাপোলসহ বিভিন্ন স্থানে রাস্তায় ট্রাক-ট্যাংকলরির লম্বা লাইন পড়ে গেছে। ১২ দফা দাবি না মানা হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মো. জামাল হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে জনতার মুখোমুখি প্রার্থীরা
- ২ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ৩ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৪ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৫ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড