ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

যশোরের বেনাপোলে ভাতিজার ছুরিকাঘাতে নাসিরউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নাসিরউদ্দিনের ভাই আব্দুল আজিজ জানান, বেনাপোল পোর্ট থানার মানকিয়া উত্তরপাড়ার  শাহাবুদ্দিনের ছেলে মিলন হোসেনের মেয়ে মিথিলা (৫) এবং লিটনের ছেলে মিশকাত (৫) মঙ্গলবার বিকেলে খেলা করতে করতে মারামারি করে। এ ঘটনায় মিলন ক্ষিপ্ত হয়ে প্রথমে লিটনের মাকে মারপিট করে। ঠেকাতে এলে সে লিটনকে ছুরিকাঘাত করে। এ সময় তার বাবা নাসিরউদ্দিন এগিয়ে গেলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে মিলন। ঘটনার পর থেকে মিলন পালিয়ে যায়। মিলন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই।

তিনি জানান, ওই রাতে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রাত ১১টার দিকে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নাসিরউদ্দিন মারা যান। আহত লিটনকে হাসপাতালের মডেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। লিটনের অবস্থাও আশঙ্কাজনক। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মানকিয়া উত্তরপাড়া এলাকায় জ্ঞাতি-গোষ্ঠীদের মধ্যে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। এরা প্রামাণিক (নাপিত) গোষ্ঠীর লোক। হাতের কাছে ক্ষুর থাকায় তাই দিয়ে আঘাত করেছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

জামাল হোসেন/আরএআর/আরআইপি