ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিবাদ কখনো শিকড় গাড়তে পারবে না : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশে কখনো জঙ্গিবাদ শিকড় গেড়ে বসতে পারবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ হচ্ছে কচুরিপানার মতো। এর কোনো শিকড় নেই। এরা ভেসে বেড়ায়। দুদিনের জন্য আসে। আবার চলে যায়। ঠিক জঙ্গিবাদও তেমনি ভেসে আসছে আবার চলে গেছে।

বুধবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ চত্বরে চাঁদেরহাট যশোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দুই ঈদ, দুর্গোৎসব, পহেলা বৈশাখ, মহান একুশে, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসসহ আমাদের ৭টি উৎসব আছে। এগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্যের অংশ। এ উৎসবগুলোতে আমাদের মাটির গন্ধ আছে। গোটা দেশ একযোগে এ উৎসব উদযাপন করে।

তথ্যমন্ত্রী বলেন, কাঠমোল্লারা এসব উৎসব নিয়ে যতই বাজে কথা বা বিকৃত কথা বলেন, তা জনগণ আমলে নেয় না। এ উৎসবগুলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই এদেশে কখনো জঙ্গিবাদ শিকড় গাড়তে পারবে না।

সংস্কৃতি চর্চা ও গ্রামীণ লোকজ সংস্কৃতিকে তুলে ধরার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের বোমার ভয়ে অনুষ্ঠান বন্ধ করলে ওরা জিতে যাবে। কিন্তু ওদের জিততে দেয়া যাবে না। অনুষ্ঠান চালু রাখতে হবে। সংস্কৃতি চর্চা না থাকলে রাজনীতিবিদরা বিজয়ী হয়েও হোঁচট খাবে। তাই কবিতা, নাচ, গান, ছবি ও ভাস্কর্য নির্মাণ, ছবি আঁকার চর্চা চালু রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদেরহাট যশোরের সভাপতি ও জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম। চাঁদেরহাট যশোরের সাধারণ সম্পাদক আহমেদ সাঈদ বুলবুলের পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়া পুষ্পমেলা, চিত্র প্রদর্শনী ও পিঠাপুলি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর। অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এসএম নুরুল ইসলাম তথ্যমন্ত্রীকে শতবর্ষী স্মারক গ্রন্থ উপহার দেন।

মিলন রহমান/এএম/আরআইপি