ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ডিবি পুলিশের ৪ সদস্যসহ ৭ জনকে বরখাস্ত

প্রকাশিত: ০৩:২২ এএম, ২৭ মার্চ ২০১৫

নিয়ম বহির্ভূতভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করার দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে (বিএসএফ) আটক হওয়া কুমিল্ল­া গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪ সদস্যসহ মোট ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী বৃহস্পতিবার বিকেলে এই আদেশ প্রদান করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন, সবুজ মিয়া, কনস্টেবল সেলিম মিয়া, বিকাশ, তাপস ও আনোয়ার হোসেন।  

কুমিল­া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

জাগো নিউজকে তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করনে। এক পর্যায়ে পুলিশের সাত সদস্য ভারত সীমান্তের সিপাহীজালা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় চোরাকারবারীরা ঘেরাও করে তাদের উপর হামলা করে। খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ`র একটি দল তাদের ৪ জনকে আটক করে নিয়ে যায়। বাকি ৩ জন সেখান থেকে কৌশলে বাংলাদেশে পালিয়ে আসে।

ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে বিজিবি ও বিএসএফদের মধ্যে পতাকা বৈঠক করা হয়। পরে মধ্যরাতে বিজিবির-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে বুধবার রাত পৌনে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সবুজ ও কনস্টেবল সেলিমকে আহত অবস্থায় এবং রাত পৌনে ১টার দিকে উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলমগীর হোসেন ও কনস্টেবল তাপসকে ফেরত দেওয়া হয়।   

এমজেড/এআরএস/এমএস