ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকনিকের বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে পিকনিকের বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) এবং তার বন্ধু একই উপজেলার হাজরাইল গ্রামের ধীরাজ মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (২৮)।

যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিহত প্লাবনের ফুফু সোনালি মল্লিক তাদের শনাক্ত করেন। তিনি জানান, প্লাবন ও দেবপ্রসাদ পরস্পর বন্ধু।

যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই সোবহান শরীফ জানান, নিহত দুই যুবক শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। সতীঘাটা কানাইতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি পিকনিকের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।   

মিলন রহমান/আরএআর/পিআর