ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজনৈতিক বিরোধে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

রাজনৈতিক বিরোধের জের ধরে যশোরের শার্শায় কলেজছাত্র বিপ্লব হোসেনকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে ধর্মসভাস্থলে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর ভাষ্য মতে, জিরেনগাছা গ্রামের হাসান মেম্বার আওয়ামী লীগের একটি পক্ষের নেতৃত্ব দেন। অন্যপক্ষে বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে তার বিরোধ রয়েছে। শনিবার বিপ্লব উপজেলার মাটিপুকুর গ্রামে ধর্মসভায় গেলে হাসান মেম্বারের নেতৃত্বে বিপ্লব হোসেনকে টর্চ লাইট ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নাভারণস্থ শার্শা উপজেলা কমপ্লেক্স-এ নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার এসআই মুরাদ হোসেন জানান, জিরেনগাছা গ্রামের হাসান মেম্বারের নেতৃত্বে বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান জানান, শার্শায় আওয়ামী লীগের দুটি গ্রুপ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন এমপি আফিল উদ্দিন অন্যপক্ষে নেতৃত্ব দেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। শনিবার বিকেলে নাভারণে আওয়ামী লীগের লিটন পক্ষের সভা ছিল। এ সভায় যোগ দিয়েছিলেন বিপ্লব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি আফিল উদ্দিনের পক্ষের হাসান মেম্বারের নেতৃত্বে বিপ্লব উপর হামলা চালায়।

নিহত বিপ্লব হোসেন নাভারণ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও শার্শার জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মিলন রহমান/আরএস