সমাহিত হলেন পাইলট হৃদি
গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় নানার কবরের পাশে দাফন করা হয়েছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত নারী পাইলট তামান্না রহমান হৃদি’র।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার উত্তরার নিকুঞ্জ-২ এলাকায় ও বাদ আছর গাজীপুরের কানাইয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
কানাইয়ার জানাযা নামাজে তার বাবা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় কয়েকশত লোক অংশ নেন।
হৃদি’র মামা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক এবং সচিত্র বাংলাদেশের সম্পাদক লিয়াকত হোসেন ভূঁইয়া জানান, বাদ আসর কানাইয়া মাদ্রাসা মাঠে হৃদির জানাজা শেষে লাশ নানা ডাক্তার আরিফ ভূইয়ার কবরের পাশে দাফন করা হয়।
প্রসঙ্গত, বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর শাহ মাখদুম বিমান বন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় এতে অগ্নিদগ্ধ হয়ে পাইলট তামান্না রহমান হৃদির মৃত্যু হয়। এ ঘটনায় প্রশিক্ষক ক্যাপ্টেন শাহেদ কামাল অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এমএএস/আরআই