ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় মেয়র লাঞ্ছিত গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

টুঙ্গিপাড়ার পৌরসভার মেয়রের গাড়িতে হামলা ও তাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ব্যাপক ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালাউদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুজ্জামান বাদল জানান, বুধবার ৪টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে ঘোনাপাড়ায় মেয়রের গাড়ির সঙ্গে একটি মাহেন্দ্রের ধাক্কা লাগে।

এ নিয়ে সেখানে বাকবিতাণ্ডা সৃষ্টি হলে ওই এলাকার আলীম, পাপ্পু ফকির, ইমাম কাজি ও আলামিনের নেতৃত্বে একদল যুবক তাদের ওপর হামলা চালায়। একপর্যায় হামলাকারিরা মেয়রের গাড়িতে হামলা ও  মেয়রকে লাঞ্ছিত করে।  

এ খবর টুঙ্গিপাড়ায় পৌঁছলে মেয়রের সমার্থকরা সংঘবদ্ধভাবে ঘোনাপাড়ায় এসে ইট পাটকেল নিক্ষেপ ও দফায় দফায় হামলা চালিয়ে প্রায় ১০টি দোকান ভাঙচুর করে।

এ সময় ওই এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং  লোকজন পালিয়ে এলাকা ত্যাগ করে। ঘণ্টাব্যাপী এ অবস্থা চলতে  থাকে। ফলে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ-ঢাকা রুটে সকল যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ একজনকে আটক করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি