বেনাপোল বন্দর স্থবির, আটকা পড়েছে শতাধিক ট্রাক
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে শনিবার সকাল থেকে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যার আপগ্রেশনের সফটওয়্যার আপডেটের কারণে এ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ আছে।
ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। আটকে থাকা অধিকাংশ পণ্যবোঝাই ট্রাকে রয়েছে পচনশীল ও বিভিন্ন শিল্প-কারখানার কাঁচামাল। তবে সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এ সমস্যার কারণে সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে কোনো বিল অব এট্রি দাখিল হয়নি। দুই পাড়ে আটকে আছে ট্রাকের চালক ও হেলপাররা। চালান এন্টি না হওয়ায় বিপাকে পড়েছে চালক ও হেলপাররা। ফলে বন্দর এলাকা ছিল দিনভর ফাঁকা।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে কাস্টমসের সফটওয়্যার আপডেটের কাজ চলছে। এ কারণে শনিবার সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজসহ কার্গো শাখার সব কার্যক্রম বন্ধ।
তিনি বলেন, সব প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকেও চিঠি দেয়া হয়েছে। রোববার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, শনিবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
মোঃ জামাল হোসেন/এএম/আরআইপি