ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের ২০ দিনের মাথায় কারাগারে বর

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বাল্যবিয়ের ২০ দিন পর বর, বরের বাবা ও কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বর ইমরুল হাসান (২২), বরের বাবা বেনাপোলের নামাজ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল রাজ্জাক (৪৪) ও কন্যার বাবা দৌলতপুর গ্রামের বজলুর রহমানের ছেলে তাজউদ্দিন (৪৩)।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, গত ২৯ জানুয়ারি গোপনে দৌলতপুর গ্রামের তাজউদ্দিনের এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফজিলাতুননেছাকে (১৫) বিয়ে করে একই থানার নামাজ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমরুল হাসান।

এ বাল্যবিয়ের সংবাদ জানার পর শনিবার সত্যতা যাচাই করে ওই ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে মুচলেকা আদায় করা হয়। মেয়ের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত কোথাও বিয়ে দিতে পারবে না।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের যশোর কারাগারে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি