ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অবস্থিত এআর গেস্ট হাউস নামের আবাসিক হোটেল থেকে এক পর্যটক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষের টয়লেটের ফল ছাদ থেকে বস্তায় মোড়ানো মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার কাজী মোশারফ হোসেনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অপারেশন অফিসার এসআই রহিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই রহিম উদ্দিন জানান, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের মুখে বড় ধরনের আঘাত রয়েছে। শরীর ফুলে গেছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরো জানান, দুদিন আগে তমা নামের ওই তরুণী আকাশ নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে এআর গেস্ট হাউজে ওঠেন বলে জানা গেছে।

হোটেল ম্যানেজার মোশারফ জানান, বৃহস্পতিবারে তারা হোটেলে ওঠে শুক্রবার যথারীতি চলে যায়। ছেলেটি চাবি জমা দিতে এলে তার সঙ্গে মেয়েটি ছিল কিনা ব্যস্ততার কারণে তখন দেখা হয়নি। শনিবার ওই রুমটি অন্য গেস্টদের ভাড়া দেয়া হয়। তারা রাতে রুমে গন্ধ হচ্ছে জানালে রুমে স্প্রে করে দেয়া হয়। কিন্তু অনেক খোঁজ করেও গন্ধের উৎস পাওয়া যায়নি। রোববার সকালে গন্ধের মাত্রা বেড়ে গেলে ফল ছাদটির দরজা খুলে মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম