বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
প্রতীকী
গোপালগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।
গত ১২ ফেব্রুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ন্যায় বিচার চেয়ে বিভাগীয় সভাপতি ও সহকারী অধ্যাপক রোকনুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের প্রভাষক রবিউল ইসলাম একই বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায় তাদের মধ্যে ঘনিষ্টতা বেড়ে যায়। এ সুযোগে রবিউল ইসলাম তার বাসায় ডেকে নিয়ে তাকে যৌন নিপীড়ন করেন।
সর্বশেষ গত ১৪ জানুয়ারি তাকে বাসায় নিয়ে যৌন নিপীড়ন করা হয়। এরপর থেকে ওই শিক্ষক কৌশলে তাকে (ছাত্রী) এড়িয়ে চলছেন। এছাড়া বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে তাকে নানান ভয়ভীতি প্রদর্শনসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেয়া হচ্ছে।
ভুক্তভোগী ওই ছাত্রী তার লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন শিক্ষক রবিউল ইসলাম তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমতবস্থায় সে নিজেকে খুবই অসহায় মনে করছেন। ফলে তার পক্ষে বেঁচে থাকা খুব কঠিন হবে।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের প্রভাষক রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন।
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি অভিযোগকারী ওই ছাত্রীর অভিভাবক এসে ভিসির সামনে লিখিত দিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলেও তিনি জানান। যা পরবর্তীতে চিঠি দিয়েও বিশ্ববিালয়ের রেজিস্ট্রারকে জানানো হয়।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার এখতিয়ার আমার নেই। তাই অভিযোগ পত্রটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়ন ও পরবর্তীতে তাকে বিয়ে করার অভিযোগ ওঠে।
এস এম হুমায়ূন কবীর/এমএএস/জেআইএম