ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষকের ধাক্কায় রডবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত

প্রকাশিত: ১২:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষকের ধাক্কায় রড বিদ্ধ হয়ে শেখ ইদ্রিস আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দস্তন গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ১৩০ নং দস্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ইদ্রিস আলীর সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিরোধ চলছিল।

মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিয়ে ইউনিয়ন তহশিলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন। বৈঠক শেষে উপস্থিত সকলে বাড়ি চলে যান।

এরপর ওই স্কুলের প্রধান শিক্ষক মু. আব্দুস সালাম ঠাকুর নিহত ইদ্রিস আলীকে তার বাড়ি থেকে রাস্তায় ডেকে আনেন। কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম শেখ ইদ্রিস আলীকে ধাক্কা দিয়ে পাশে খালের নির্মাণাধীন ব্রিজের রডের ওপর ফেলে দেন।

এতে ইদ্রিস আলীর পিঠে রড ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইদ্রিস আলী ওই স্কুলের উদ্যোক্তা ও জমিদাতা ছিলেন বলে জানা গেছে। নিহতদের বাড়ি একই গ্রামে।

নিহত শেখ ইদ্রিস আলীর বড় ছেলে লিটু শেখ অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম ঠাকুর পরিকল্পিতভাবে আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম