ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদ সিকদার (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই ও ভাইয়ের ছেলেরা।
রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর কাজিপাড়ার আতিয়ার খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছোট ভাই মিরাজ সিকদার (৪০), ভাইয়ের ছেলে আমির হোসেন (১২), রিয়াজ সিকদার (১৩) ও ভাগ্নে আল আমীন মোল্লাকে (২৮) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফরিদ সিকদার ও মিরাজ সিকদারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারন করলে গত শনিবার ফরিদ কাজিপাড়া গ্রামে তার খালার বাড়িতে আসেন। এ খবর জানতে পেরে মিরাজ ও তার দুই ছেলে এবং ভাগ্নেকে নিয়ে ওই বাড়িতে বড় ভাই ফরিদকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বড় ভাইকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেন মিরাজ।
গোপালগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
এস এম হুমায়ূন কবীর/জেএইচ