ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লায় আশিকুর রহমান আশিক ওরফে বোমা আশিক ওরফে হাত কাটা আশিক নামে ১২ মামলার পলাতক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

তিনি আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার কলেজ রোডের মোহাম্মদ আলী ওরফে মাহমুদ মিয়া ড্রাইভারের ছেলে।

জানা যায়, কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল আশিকুর রহমান আশিক ওরফে বোমা আশিক ওরফে হাত কাটা আশিককে গ্রেফতারের জন্য ভোরে ধর্মপুর এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব তাকে গ্রেফতারসহ ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও রিভলবার উদ্ধার করে।

কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, আশিক নগরীর একজন শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর