পেকুয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : গ্রেফতার ২
প্রতীকী ছবি
কক্সবাজারের পেকুয়ায় জমির বিরোধ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, আব্দুল মতলব (৬৫), দুদু মিয়া (৫৫), জুবাইদা (৫০), রেনু আরা (২৮), আজমগীর (৩৫), ইসমত আরা (১৭), রিদুয়ান (২২), লেদু (২৩)। অপর পক্ষের আহতরা হলেন, আব্দুল হক (৫০), কুলছুমা (২৮), হাছিনা (২৫), মো. মনু (৩৫)।
আটকরা হলেন, পালাকাটা নতুনঘোনা এলাকার আবদুল হকে ছেলে এনামুল হক(১৮) ও একই এলাকার ইজ্জত আলির ছেলে আবদুল গণি (৫০)। এ সময় তাদের কাছ থেকে দুটি কিরিচ উদ্ধার করা হয়।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। হামলায় জড়িত দুই আসামিকে কিরিচসহ গ্রেফতার করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম