ফের কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
আবারও সাময়িক বরখাস্ত হলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।
গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত ২২৮ নং প্রজ্ঞাপনমূলে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা হয়।
মামলাটি আদালত কর্তৃক গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন অনুসারে কুতুবদিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী। তাই নুরুল বশর চৌধুরীকে তার পদ থেকে সাময়িক বহিষ্কারাদেশ জারি করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হাসনাত মুহাম্মদ শহীদুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এটিএম নুরুল বশর চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করে। পরে উচ্চ আদালতের আশ্রয় নিয়ে আদেশ স্থগিত করে বার বার চেয়ারে ফিরে আসেন তিনি।
সায়ীদ আলমগীর/এএম/পিআর