ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশখালীতে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৮ মার্চ ২০১৭

কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠের বিরোধ নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়।

বিকেলে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জয়নাল আবেদিন (৪৫)। তিনি উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।

নিহত জয়নালের পরিবার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝাপুয়া এলাকার লবণ মাঠ নিয়ে জয়নাল আবেদিন ও একই এলাকার দলিলুর রহমানের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসা করতে জয়নাল আবেদিন মহেশখালী থানায় একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ফিরে যাওয়ার পর দলিলুর রহমানের ছেলে নাসির উদ্দিন, তৌহিদসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে জয়নালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় জয়নালকে আত্মীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজি বলেন, আহত হওয়ার পর তাকে দেরিতে হাতপাতালে নেয়া হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, লবণ মাঠের বিরোধ নিয়ে পুলিশ তদন্তে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা জয়নালকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা শোনা মাত্রই হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর