দলের নিবন্ধন বাঁচাতেই নির্বাচনে আসবেন খালেদা
রাজনৈতিক মাঠে টিকে থাকতে হলে নির্বাচনে আসা ছাড়া বিকল্প নেই উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে না এসে কি ভুল হয়েছে- তা মর্মে মর্মে উপলব্ধি করছে বিএনপি। পর পর দুইবার নির্বাচনে না আসলে বাতিল হয়ে যাবে নিবন্ধন। তাই আগামীতে দলের নিবন্ধন বাঁচাতেই বাধ্য হয়ে নির্বাচনে অংশ নেয়া ছাড়া কোনো পথ নেই বেগম জিয়ার।
কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মন্ত্রী আরও বলেন, শুধু নির্বাচনে আসলে হবে না। প্রস্তুত থাকুন মানুষ পুড়িয়ে ক্ষমতার মসনদ দখলের নগ্ন চেষ্টার হিসাব আমজনতাকে দিতে হবে।
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের জেলা আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য কমল ও আশেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী প্রমুখ।
উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে নৌমন্ত্রী বৃহস্পতিবার সকালে কক্সবাজার আসেন। শুক্রবার সকালে মন্ত্রীর উখিয়ার ঘুমধুম সীমান্ত স্থলবন্দর এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম