ছবি প্রদর্শনের চেয়ে কাজে মনোযোগী হোন : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশে বলেছেন, আপনারা দয়া করে ছবি প্রদর্শনের চেয়ে একটু কাজে মনোযোগী হোন। নেতাদের খুশি না করে, জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিন। নেতাদের খুশি করে লাভ নেই। আপনি যাদের জন্য রাজনীতি করেন তাদের খুশি করেন। আপনার যারা ভোটার তাদেরকে আপনার খুশি করতে হবে। ভোটার যদি আপনাকে চায় আমরা আপনাকে অগ্রাহ্য করতে পারবো না। আমি যদি আমার পার্টিকে ভালোবাসি জনপ্রিয় ব্যক্তিকে অগ্রাধিকার দিতেই হবে। আমার নেত্রীর নির্দেশে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি।
শুক্রবার বিকেলে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হওয়ার জন্য কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে বড় হতে হলে অসম্ভবকে সম্ভব করার প্রস্তুতি রাখতে হবে। জীবনে বড় হতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস অর্জন করতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে নদীর ঢেউ। যে নদীর ঢেউ নেই সেই নদীর কোনো মূল্য নেই। যে আকাশে মেঘ নেই সেই আকাশ আকাশ নয়। যে সাগরে ঢেউ নেই সেটা কোনো সাগর নয়। যে প্রকৃতিতে দুর্যোগ নেই সেটা কোনো প্রকৃতি নয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মাহবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার তিনশ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক, একশ ল্যাপটপ ও ৫টি মোটরসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই মনোবল হারাবেনা, নিজেকে দুর্বল ভাববে না। নিজে নিজের জীবনকে শেষ করে দিবে না। চেষ্টা করবে-লড়াই করবে, সাফল্য একদিন আসবেই। দারিদ্রকে- বেকারত্বকে পরাজিত করতে এরই নাম তারুণ্য।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ২ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৩ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৪ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৫ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা