কুমিল্লায় পুলিশের ধাওয়ায় যুবক নিহতের ঘটনায় ২ মামলা
কুমিল্লায় পুলিশের ধাওয়ার মুখে দুর্ঘটনায় রাসেল নামের এক যুবক নিহতের ঘটনায় কোতায়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার চাপাপুর এলাকায় এ ঘটনার পর রাতে নিহত রাসেলের ভাই মানিক বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের গাড়ি চালক আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেন।
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় গাড়ি চালক আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ সদস্যদের মারধর ও কর্তব্যে বাধা দেয়ার অভিযোগে সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহির বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় পৃথক আরো একটি মামলা করছেন।
এদিকে শুক্রবার ওই ঘটনা তদন্তে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদু্ল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
শনিবার দুপুরে পুলিশ সুপার জানান, কমিটির রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তবে পুলিশের একটি সূত্র জানায়, ওই ঘটনার পর আহত যুবক রাসেলকে হাসপাতালে না নিয়ে পুলিশ সদস্যরা তার লাশ গুমের চেষ্টা করেছিল বলে গ্রামবাসী অভিযোগ করে। পুলিশের প্রাথমিক তদন্তেও বিষয়টি প্রমাণিত হয়েছে। তাছাড়া ঘটনাস্থল কোতয়ালী মডেল থানার আওতাধীন হলেও ওই যুবক নিহতের বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়া হয়েছিল। তাই ওই টিমে থাকা এএসআই জহির, কনস্টেবল কামাল, মিজান ও খোরশেদকে সাসপেন্ড করা হতে পারে বলেও সূত্রটি জানায়।
কামাল উদ্দিন/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নিজ আসনে ৭০০ শাড়ি ১০০ থ্রি-পিস পেয়েছেন, জানালেন নুরুল হক নুর
- ২ ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা ছাত্রদলের
- ৩ উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কারের বিকল্প নেই: মিন্টু
- ৪ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
- ৫ দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক