ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘আমাদের টার্গেট দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা’

প্রকাশিত: ১০:৪৭ এএম, ১১ মার্চ ২০১৭

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংকে গুরুত্ব দিয়ে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর একটি হলো স্কুল ব্যাংকিং। আমাদের টার্গেট হলো দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা। এজন্য নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সুইমিংপুল অ্যান্ড জিমনেশিয়াম মিলনায়তনে স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে কবির বলেন, শিক্ষার্থীদের বড় হয়ে সুনাগরিক হতে হবে। দেশের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হতে হবে। তারা যে যার অবস্থানে থেকে দেশের জন্য অবদান রাখবে।

ইউনাইটেড কমার্সিয়াল বাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোয়ার্দার, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রমুখ।

অনুষ্ঠানে শেষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গভর্নর। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/আরআইপি