ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২০ এএম, ১৫ মার্চ ২০১৭

গাজীপুরে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে মো. ফরহাদ হোসেন ওরফে মারুফ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন ওরফে মারুফ গাজীপুর সিটি কর্পোরেশনের বারবৈকা এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অফিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সোহরাব ও শাহনাজকে বেকসুর খালাস দেন আদালত।

গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বারবৈকা এলাকার মৃত মুক্তিযোদ্ধা নূরুল হক ভ‚ইয়ার ছেলে মো. নিরু মিয়া ওরফে বিজয় নগপাড়া এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন। নিরু মিয়া ওরফে বিজয় স্ট্যাম্পের মাধ্যমে ফরহাদ হোসেন ওরফে মারুফকে ৫০ হাজার টাকা ধার দেয় কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেয়ার শর্তে। টাকা ফেরত চেয়ে তাগাদা দিলে নিরু মিয়াকে বিভিন্ন সময় হুমকি দিত মারুফ।

এক পর্যায়ে ২০১২ সালের ১০ মে ফরহাদ তার ভাই সোহরাব (২৮) ও বোন শাহনাজকে (৩৫) সঙ্গে নিয়ে নিরুদের বাড়িতে যায় এবং টাকা আনার জন্য স্ট্যাম্প নিয়ে তাদের তাদের সঙ্গে যেতে বলে। পরে নিরু স্ট্যাম্প নিয়ে আসামিদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। চার দিন পর বারবৈকা এলাকার একটি ডোবা থেকে নিরু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষগ্রহণ ও  শুনানি শেষে বুধবার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ড. শহিদউজ্জামান।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর