ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেকুয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাকে আগুন

প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৮ মার্চ ২০১৭

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মগনামা ইউনিয়নের মটকাভাংগা এলাকার শফিউল আলমের ছেলে ও মগনামা জাগরণ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সাইফুল।

এদিকে, স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকটি (মুন্সিগঞ্জ-ট- ১১-০০০১) আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। এর আধাঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ ফোর্স, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম ও ইউপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর আগেই পুরো ট্রাকটি পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস