ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে এক বছরে ১৫ হাজার মামলা নিষ্পত্তি

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৯ মার্চ ২০১৭

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বলেছেন, ২০১৬ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতায় বিচারাধীন ৪২ হাজার ৫৪৯টি মামলা থেকে এক বছরেই নিষ্পত্তি করেছে ১৪ হাজার ৯৫৭টি মামলা।

তিনি বলেন, জেলার ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতি মাসে গড়ে ১০৮টি চূড়ান্ত আদেশ ও বিবিধ নিষ্পত্তির পাশাপাশি প্রায় ১৮টি মামলার পূর্ণাঙ্গ রায় প্রদান করেছে। যা প্রশংসনীয় ও বিচার বিভাগের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।

রোববার কক্সবাজার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ-এর সঞ্চালনায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ, জেলা পাবলিক প্রসিকিউটর মমতাজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেল সুপার বজলুর রহমান এবং সিভিল সার্জন প্রতিনিধি ডা. এমএম আলমগীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওসমান গনি, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ মোশাররফ হোসাইন, যুগ্ম জেলা ও দায়রা জজ সালমা খাতুন ও ফখরুল আবেদীন প্রমুখ।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ ২০১৬ সালে পুলিশ ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের যৌথ সমন্বয়ে জেলায় বিচারাধীন ১৫ হাজার মামলা নিষ্পত্তির সফলতার বিবরণ তুলে ধরে বলেন, আগের ২৭ হাজার ৩৬৮টি মামলার পাশাপাশি পুরো বছরে নতুন করে ১৫ হাজার ১৮১টি মামলা যোগ হয়।

যা থেকে ৩টি চৌকি আদালতসহ জেলার সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নিষ্পত্তি করেন ১৪ হাজার ৯৫৭টি মামলা। বছর শেষে বিচারাধীন রয়েছে ২৭ হাজার ৫৯২টি মামলা। গত বছরের ধারাবাহিকতা বজায় রাখতে সবার প্রতি নিদের্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এএম/পিআর