ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে প্রাণ ম্যাংগো ড্রিংকের সৌজন্যে লোকসংস্কৃতি উৎসব

প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৮ এপ্রিল ২০১৫

বৈশাখের পড়ন্ত বিকেলে এক চিলতে রোদ এসে পড়েছে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চের এক কোণে। এমন সময়ে উদীচী যশোরের লোকসংস্কৃতি উৎসব মঞ্চে সমবেত কণ্ঠে শিল্পীরা গেয়ে উঠলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কণ্ঠ মেলালেন উপস্থিত সবাই। ফিরে চল মাটির টানে- উদীচীর এই লোকসংস্কৃতি উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রাণ ম্যাংগো ড্রিংক।

এভাবেই শুক্রবার বিকেলে দু’দিনব্যাপি লোকসংস্কৃতি উৎসব শুরু করলো উদীচী। এরপরই উদীচীর দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকসংস্কৃতি উৎসবে আসা বাউল শিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করেন।

উৎসবে এসেছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সঙ্গীতা রায়। তার কণ্ঠে বিভিন্ন লোকজ গান শুনে বিমোহিত হয় শ্রোতারা। এছাড়া উদীচীর শিল্পীরা ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল আবহমান বাংলার লোক ও বাউল গানের পরিবেশনা। উৎসবে অংশ নেয়া শিল্পীদের কণ্ঠে লালন গীতির সাথে কণ্ঠ মেলান দর্শকরাও। লালন গীতির পাশাপাশি ছিল রংপুরের ভাওয়াইয়া, নড়াইলের চারণ কবি বিজয় সরকারের গান ও ফরিদপুরের লোক সঙ্গীত।

সাংস্কৃতিক পরিবেশনার মাঝে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন উদীচী যশোরের সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু। আলোচনায় অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গের ভাষা সাংস্কৃতিক স্বাধিকার মঞ্চের সাধারণ সম্পাদক রতন বসু মজুমদার, যশোরের উদীচীর উপদেষ্টা ডা. জিসি বোস এবং জেলা সভাপতি ডি.এম শাহিদুজ্জামান। আলোচনা পর্বের সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। রাত অবধি চলে এ আয়োজন। শনিবার একই স্থানে দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে।

এসএস/এআরএস/এমএস