ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে পাঁচ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০২:১০ পিএম, ২২ মার্চ ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে অন্তত পাঁচ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ১৬টি পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

এদিকে, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধ গ্রাহকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করায় কেউ কেউ স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

জানা গেছে, চতুর্থ ধাপে বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ১৬টি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে ওই ১৬টি পয়েন্টে ৩০ কিলোমিটার এলাকার প্রায় পাঁচ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় সাড়ে ৬০টি রাইজারসহ ৫০০ ফুট পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।

ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এর পরে যারা বৈধ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম