ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাগারে জঙ্গিরা যেন রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৩ মার্চ ২০১৭

কারাগারে থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনোরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কারাকর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার কমপ্লেক্সে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সের নবনিয়োগ প্রাপ্তদের শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, কারাগার একটি সংবিধানশীল ও স্পর্শকাতর প্রতিষ্ঠান বিধায় দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হয়। কারাগারের দায়িত্বপালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও চ্যালেঞ্জিং।

নিরাপত্তা বিধানের পাশাপাশি বর্তমানে কারাগারে বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অপরাধীদের সংশোধন পূর্বক সমাজে পুনর্বাসনের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে সফল করতে হলে কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান, ডিআইজি প্রিজন্স মো. বজলুর রশীদ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুলাইমান সহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ‘ডে কেয়ার’ সেন্টার উদ্বোধন করেন।

আমিনুল ইসলাম/এফএ/পিআর