ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজেরাই বিচ্ছিন্ন করলেন নিজেদের গ্যাস সংযোগ

প্রকাশিত: ১১:২৭ এএম, ২৭ মার্চ ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার খঞ্জনা, ভাদগাতী, বড়নগর, চান্দাইয়া ও চৌড়া গ্রামের প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেছে।

সোমবার সকাল থেকে এই ৫ গ্রামের অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে মিলেছে এর সত্যতা।

জানা গেছে, তিতাস গ্যাসের অভিযান হবে এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষের কাছে যায়। ওই কাউন্সিলর চায় না স্থানীয় নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা বা জরিমানা হোক।

এ কারণে তিনি স্থানীয়দের তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা পরামর্শ দেন। এ সময় স্থানীয়রা অনুরোধ করেন অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় ওই কাউন্সিলর সঙ্গে থাকার জন্য।

পরে পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষের নেতৃত্বে সোমবার সকাল থেকে খঞ্জনা, ভাতগাতী, বড়নগর, চান্দাইয়া ও চৌড়া গ্রামের প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ।

তিনি জানান, কয়েকদিন পর পর অবৈধ সংযোগ নিতে এবং বিছিন্ন করতে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই স্থায়ীভাবে প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ব্যাপারে তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, তিতাস গ্যাস কোম্পানিও চায় না স্থানীয় নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা বা জরিমানা হোক। এ কারণে আমরা কালীগঞ্জে মাইকিং করেছি অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করার জন্য।

স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে স্থানীয়রা যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে কারিগরি সহযোগিতা চায়, তাহলে কর্তৃপক্ষ সব ধরনের কারিগরি সহযোগিতা দেবে বলেও জানান তিনি।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর