ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের নয়নাবাদ গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কলেজছাত্র নাজমুল (১৮) নিহতের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে নিহতের বাবা রহিজউদ্দীন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে, নিহত কলেজ ছাত্র নাজমুলের জানাজায় শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে হামলা করতে রওয়ানা দিলে পুুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি শান্ত হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত নাজমুলের জানাজা শেষে তাদের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রসঙ্গত, আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের জসিম ও বাহেরচর গ্রামের জাকিরের মধ্যে মঙ্গলবার জুয়া খেলাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে উভয় গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে টেঁটা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই সময় সংঘর্ষে কলেজছাত্র নাজমুল নিহত হয়।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

আরও পড়ুন