সমিতির নামে ৯ কোটি টাকা আত্মসাৎ : মূলহোতা গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজ বাংলা মাল্টিপারপাস নামে সমিতির নামে নিরীহদের ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক রুহুল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল আমিন বাগবেড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক বছর পূর্বে শিবিরের সক্রিয় সদস্য ছিলেন রুহুল আমিন। এরপর নিজেকে তিনি যুবদল নেতা হিসেবে দাবি করে আসছেন। এলাকায় শিবির সদস্য হিসেবেই তার পরিচিতি।
পরে বাগবেড় এলাকায় সবুজ বাংলা মাল্টিপারপাস নামে একটি সমিতি খুলে বসেন রুহুল আমিন। ওই সমিতিতে স্থানীয় কৃষক ও নিরীহ শতাধিক মানুষ অন্তত ৯ কোটি টাকা জমা রাখেন। এরপর ওই টাকা আত্মসাৎ করেন রুহুল আমিন।
গ্রাহকদের টাকা আত্মসাৎ করে সমিতির চেয়ারম্যান রুহুল আমিন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। এছাড়া গ্রাহকরা তাদের জমা রাখা অর্থ চাইতে গেলে মামলা-হামলার হুমকি দিতেন তিনি।
এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে প্রতারণা, গাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। নানা অনিয়মের পরও তার গড়া সবুজ বাংলা মাল্টিপারপাস থেকে নিরীহদের টাকা নিয়ে জমি ক্রয় করেছেন নিজের নামে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই প্রতারক রুহুল আমিনকে খোঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
মীর আব্দুল আলীম/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী