সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি
বৃহস্পতিবার ভোর থেকে কুমিল্লার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ধীরে ধীরে রোদের দেখা মিলেছে। কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে সকাল ৭টা থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি।
সকাল ৮টার দিকে অশোকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। অধিকাংশ কেন্দ্রে সকাল থেকে পুরুষ ভোটারের উপস্থিতি কম। তবে প্রতিবারের ন্যায় এবারও নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
নারী ভোটার আফিয়া খাতুন, রমিজা বেগম জানান, সকাল ৭টার আগেই লাইনে দাঁড়িয়েছেন, এখনো ভোট দিতে পারেন নাই।
নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা (নৌকা) এবং বিএনপি মনোনীত ও সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কুর সঙ্গে ভোট যুদ্ধে মাঠে লড়ছেন। মেয়র পদে অপর দুই প্রার্থী হচ্ছেন, জেএসডি মনোনীত শিরিন আক্তার (তারা) ও স্বতন্ত্র প্রার্থী মেজর মামুনুর রশীদ (টেবিল ঘড়ি)। সাধারণ কাউন্সিলর পদে ১১৪ ও সংরক্ষিত সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৪৪৭ জন এবং নারী ভোটার এক লাখ পাঁচ হাজার ১১৯ জন।
এসব ভোটারের জন্য ২৭টি ওয়ার্ডে ১০৩টি ভোটকেন্দ্র ও ভোট কক্ষ রয়েছে ৬২৮টি। ভোট গ্রহণে এক হাজার ৯৮৭ জন প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর ২৭টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৫ হাজার র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মাঠে দায়িত্ব পালন করছে। এছাড়াও ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৪৫ জন ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলার তদারকি করছেন।
কুসিকের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সকল প্রস্তুতি রয়েছে। কোনো ভোট কেন্দ্রে ভোটের পরিবেশ বিঘ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরএআর/পিআর