ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে কয়েক`শ পরিবার

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২১ এপ্রিল ২০১৫

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিভিন্ন গ্রামের কয়েক`শ পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এদিন জেলার কসবা, নবীনগর ও আখাউড়াসহ বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘর-বাড়ি ভেঙে পড়ে। এসময় গাছপালা, বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত ও উঠতি ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া ঝড়ের সময় নবীনগর উপজেলা সদরের নারায়ণপুরে গাছ চাপায় আবদুল মান্নান (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কসবা উপজেলার হাতুরাবাড়ি, শ্যামবাড়ি, নিমবাড়ি, মেহারী, মান্দারপুর, চারগাছ গ্রাম এবং নবীনগর উপজেলার নারায়ণপুর, ভোলাচং, খাঁজানগর ও চিত্রি গ্রাম। এছাড়া সোমবার রাত থেকেই বিদ্যুৎহীন রয়েছে ঝড়ে বিধ্বস্ত এসব গ্রাম।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যা থেকেই প্রচণ্ড ঝড়ো হাওয়া বইতে থাকে। এরপর বৃষ্টির সাথে ভারী বর্ষণ শুরু হলে মুহূর্তেই তাদের ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে যায় কালবৈশাখী ঝড়। এসময় রাস্তার পাশের অসংখ্য গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হয়। এসব ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


ঝড়ে সবকিছু হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন অসহায় এ মানুষগুলো। তবে সব দুঃখ ভুলে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের কাছে তারা প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএস/এমএএস/আরআইপি