ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মন্ত্রীর গাড়িবহরে বাধা : ছাত্রলীগের নেতা-কর্মীর নামে মামলা

প্রকাশিত: ০১:১৭ পিএম, ০২ এপ্রিল ২০১৭

গাজীপুরে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাড়িবহর গতিরোধ করা, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় গাজীপুর ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

এর মধ্যে একটি মামলার বাদী হয়েছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সৌরভ।

এ মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা মো. রবিন, অনিক সরকার, নাজমুল করিম, রবিন হোসেন, তামিম, লিয়াকত হোসেনসহ ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

অপরদিকে, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা ও পুলিশ আহত করায় পুলিশের এসআই মো. সাইদুর রহমান খান বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে জয়দেবপুর থানায় অপর মামলাটি করেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মো. সাখাওয়াৎ হোসেন জানান, হামলা ও সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ১০ জনকে রোববার আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, দ্রুত ভাওয়াল বদরে আলম সাকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ ও তার সমর্থিত নেতা-কর্মীরা শনিবার দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ করে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর গাড়ির যাত্রা পথে বাধা দেয় তারা। এ নিয়ে কলেজের ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জয়দেবপুর থানা পুলিশের পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভসহ অন্তত ১০ জন আহত হন।

আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর ওদিন বিকেলে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জনকে আটক করে। পরে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম