কক্সবাজারে দুই গৃহবধূর আত্মহত্যা
কক্সবাজারে পৃথক ঘটনায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে চকরিয়া ও মহেশখালীতে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেন।
মঙ্গলবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সূত্র জানায়, চকরিয়ার খুটাখালীর পাগলিরবীল কোনাপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ তানজিনা আকতার (২৭) আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও তিন সন্তানের জননী।
ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য সেলিম উল্লাহ আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, বিগত ছয় মাস পূর্বে মহেশখালী উপজেলার ধলঘাটা থেকে সপরিবারে এসে কোনাপাড়ায় বসবাস শুরু করে আব্দুল আলীম। তার ছোট বোন দীর্ঘ সময় অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সোমবার রাতে ছোট বোনের চিকিৎসা খরচাদি নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রী ঝগড়া হয় এবং ওই রাতেই স্বামী আব্দুল আলীম সদর হাসপাতালে চলে যান। মঙ্গলবার সকালে সন্তানরা তাদের মাকে ঝুলন্ত দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের এসআই গৌবিন্দ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
অপরদিকে, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে কামরুন্নাহার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত কামরুন্নাহার ওই এলাকার ওমান প্রবাসী ইমান আলীর স্ত্রী।
পুলিশ জানায়, নিজ বসতঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। স্বামীপক্ষের লোকজন কামরুন্নাহার আত্মহত্যা করেছে বলে দাবি করলেও স্বজনদের দাবি, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর