আইপিইউর সদস্যদের আগমন ঘিরে কুমিল্লায় কঠোর নিরাপত্তা
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন দেশের ১৫০ জন সদস্য আজ বুধবার কুমিল্লায় যাচ্ছেন। জেলার কোটবাড়ি এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী-বার্ড এবং শালবন বিহার ও জাদুঘরসহ প্রত্নতাত্ত্বিক এলাকা পরিদর্শন করে দিনভর ব্যস্ত সময় কাটাবেন তারা। এ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি-কোটবাড়ি এলাকা পর্যন্ত।
মঙ্গলবার থেকেই পুরো রাস্তার ঝোপ পরিষ্কার করে তল্লাশি চালানো হয়েছে। ভোর থেকে রাস্তায় নামানো হয়েছে বিপুল সংখ্যক আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য। নিরাপত্তার স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। বার্ডসহ কোটবাড়ি-ময়নামতি এলাকায় অতিথিদের আগমনের সকল ভ্যানুতেও কঠোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, ঢাকায় আইপিওর ১৩৬তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণকারী সেক্রেটারি জেনারেলদের ১৫০ সদস্যের একটি দল বুধবার সড়কপথে বাসযোগে ঢাকা থেকে কুমিল্লার পথে রয়েছেন। বেলা সাড়ে ১২টার মধ্যেই প্রতিনিধি দল কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে পৌঁছার কথা।
পৌঁছানোর পর বার্ড অডিটরিয়ামে ড. আখতার হামিদ খানের ‘কুমিল্লা পদ্ধতি’ এবং বার্ডের কার্যক্রমসহ জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে তারা বার্ড পরিদর্শন করবেন। এরপর বার্ড ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজ শেষে বেলা সোয়া ২টার দিকে ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করবেন।
বার্ড ছাড়াও পুরো শালবন-বৌদ্ধ বিহার ও জাদুঘর এলাকায় কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। বিকাল ৪টায় তারা বার্ডে চা-চক্র শেষে ঢাকার উদ্দেশে কুমিল্লা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
নিরাপত্তার বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, আইপিইউ সদস্যদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে মহাসড়ক, বার্ড, শালবন, জাদুঘর ও অন্যান্য ভ্যানুতে পোশাকধারী ও সাদা পোশাকেরসহ প্রায় ২ হাজার র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সদস্য কাজ করছে।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজবাড়ীতে পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেলো ট্রাকমালিক ও হেলপারের
- ২ ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর
- ৩ রাঙ্গামাটি থেকে ঢাকা-চট্টগ্রামে যাচ্ছে ‘মাইনীর তরমুজ’
- ৪ খাল খনন কর্মসূচির উদ্বোধন, সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশাহারা পরিবার