ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উদ্বোধনের অপেক্ষায় টেকনাফ থানার নব-নির্মিত ভবন

প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

অবকাঠামোগত সমস্ত কাজ সম্পন্ন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজারের টেকনাফ মডেল থানার নব-নির্মিত ভবন।

আগামী ১১ এপ্রিল এটি উদ্বোধন হবার কথা রয়েছে। আর নতুন ভবনের শুভ যাত্রা করতে ওইদিন টেকনাফ আসছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।  কক্সবাজার জেলা পুলিশ সূত্র এমনটি জানিয়েছে।

এদিন আইজিপি টেকনাফ মডেল থানার নব নির্মিত ভবন উদ্বোধন এবং টেকনাফের কমিউনিটি পুলিশ ও সুশীল সমাজের সঙ্গে মাদক, জঙ্গি প্রতিরোধ ও মত বিনিময় সভায় মিলিত হবেন।

পুলিশের সর্বোচ্চ ব্যক্তির টেকনাফ আগমনকে ঘিরে পুরো উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। থানা প্রাঙ্গন ও নব নির্মিত ভবনের সৌন্দর্য্য বর্ধন এবং টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের প্যান্ডেলেরও প্রস্তুতি চলছে। অনুষ্ঠান সফল করতে চলছে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খাঁন জানান, আইজিপি স্যার প্রথমবারের মতো সীমান্ত উপজেলা টেকনাফে আসছেন। এখানে তিনি মাদক, জঙ্গি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা করবেন। এটা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।  

পুলিশ সূত্র জানায়, গত ২০০৯ সালে সারাদেশে গুরুত্ব অনুযায়ী বিবেচনা করে টেকনাফ থানাকে মডেল থানায় রূপান্তর করা হয়। মডেল থানায় রুপান্তর হলেও তেমন কোনো কার্যক্রম চালু হয়নি। এমনকি বৃটিশ আমলে নির্মিত জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে কার্যক্রম চালাতে হয়েছে। সম্প্রতি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেকনাফ মডেল থানার গুরুত্বকে বিবেচনা করে পুলিশের কর্মকর্তা ও সদস্য বৃদ্ধি করেছে। তবে এখনও পর্যাপ্ত পরিবহন সমস্যা লেগে আছে।

আরও জানা যায়, গত ২০১৫ সালে বাংলাদেশ পুলিশের নির্মাণ শাখা কর্তৃক সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে চারতল বিশিষ্ট একটি ভবন নির্মাণে টেন্ডার আহ্বান করে। এসময় মের্সাস ডি ডেলটা ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডারটি পেয়ে কাজ শুরু করে। এ প্রতিষ্ঠান সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রায় দুই বৎসর বিরামহীন কাজ করে নির্মাণ কাজ শেষ করতে সক্ষম হয়।

নব নির্মিত ভবন পরিদর্শনে দেখা যায়, চারতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি মডেল থানাকে সমৃদ্ধ করবে। এটি উদ্বোধন করতে আইজিপি আসছে শুনে টেকনাফে একরকম আনন্দ বিরাজ করছে। পুলিশের সর্বোচ্চ ব্যক্তি আইজিপিকে বরণ করতে চলছে ব্যাপক প্রস্তুতি।

কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন, সীমান্ত শহরের মডেল থানায় দায়িত্বপালনকারীদের জন্য ভবনটি প্রয়োজনীয়তা মেটাবে। উদ্বোধনের সমস্ত আয়োজন তদারক করা হচ্ছে। আইজিপি স্যার এটি উদ্বোধন করে থানার কার্যক্রমকে আরও বেগবান করবেন এমনটি প্রত্যাশা করছি।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি