ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালাকে শ্বাসরোধে হত্যায় ভাগিনা গ্রেফতার

প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় রোকেয়া খাতুনকে (৬০) শ্বাসরোধে হত্যার দায়েরকৃত মামলার অন্যতম আসামি নিহতের ভাগিনা সোহাদ বাদশাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার সোহাদ বাদশা সিদ্ধিরগঞ্জের জালকুড়ির নেকবর বাদশার ছেলে। তিনি নিহত রোকেয়া খাতুনের বোনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে সোহাদ বাদশা নিজের খালাকে শ্বাসরোধে হত্যা করে। তবে প্রাথমিক রোকেয়ার মৃত্যু হৃদরোগজনিত ভাবে মারা গেছে এমন প্রচার করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যু নিয়ে সন্দেহ হয়। পরে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে হত্যা করায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করা হয়। পরে মামলার আসামি নিহতের ভাগিনা সোহাদ বাদশাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম