মৃত গরুর মাংস ও পিরানহা মাছ বিক্রির সময় আটক ২
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে মৃত গরুর মাংস ও পিরানহা মাছ বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, উপজেলার মরিচ্যা বাজারে স্থানীয় অসাধু কিছু কসাই দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মৃত গরুর মাংস সংগ্রহ করে সুযোগ বুঝে বাজারে বিক্রি করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে মৃত গরুর মাংসসহ কসাই কামাল উদ্দিনকে গ্রেফতার করে। এসময় বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করার অপরাধে বাবুল মিয়াকে গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ২৫ হাজার এবং পিরানহা মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন উখিয়া ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন।
জব্দকৃত গরুর মাংসগুলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে এসে ধ্বংস করা হয়।
অভিযানে উখিয়া উপজেলা সেনিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম, সহকারী সেনিটারি পরিদর্শক (শিক্ষানবিশ) ইউনুছ মাহমুদ ও এসআই আনিছ উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম