ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উন্নয়নে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না : আইভী

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১১ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তারাই আমার উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করবে আমি এর মোকাবেলা করবো। সেটা চিন্তা করেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, তারা যতই বাধা সৃষ্টি করুক না কেন আমার উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নারায়ণগঞ্জের উন্নয়নে দুই একজন বাধা সৃষ্টি করবে। তবে নারায়ণগঞ্জবাসী আমার পক্ষে আছে বলেই আমি এতো কাজ করার সাহস পাই।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইভী।

গত জানুয়ারি থেকে শুরু হওয়া শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে শহরের বাবুরাইল খাল উন্নয়ন প্রকল্পের প্রভাব নিরূপণ বিষয়ে এলাকাবাসী, নাগরিক কমিটি, কাউন্সিলর ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র আইভী বলেন, ২০১১ সালে প্রথম সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে স্বপ্ন দেখা শুরু হয়। সব স্বপ্ন পূরণ না করতে পারলেও কিছু স্বপ্ন বাস্তবায়ন করবো। যার মধ্যে কয়েকটি বাস্তবে রূপ দিতে যাচ্ছি। আশা করি আগামী ৪ থেকে ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে যত বাধা আসুক কাজ করবোই।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন, কল্যাণি সেবা সংস্থার নির্বাহী পরিচালক জিএম জব্বার চিশতী, নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান লিটন, পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার পরিচালক মুজাহিদুল প্রমুখ।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম