ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬

খুলনার পদ্মা অয়েল ডিপোতে ট্যাংকলরি থেকে অভিনব কায়দায় অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের আর্থিক জরিমানা ও মালামাল জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোর ভেতরে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোয় ট্যাংকলরি থেকে লরিচালক ইমরান, সহযোগী সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করছিলেন। এ সময় তাদের হাতেনাতে ধরেন এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি সেল, পরিত্যক্ত সম্পত্তি সেল) উম্মে সালমা খানুন বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোয় গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময় তেল চুরির অভিযোগ তারা স্বীকার করেন। এ জন্য তাদের বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়।


আরিফুর রহমান/কেএইচকে