ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীর তীরে আরও ইকোপার্ক নির্মাণ হবে : নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শুধু ঢাকার চারিদিকেই নয় সারাদেশেই নদীর তীরে ইকোপার্ক নির্মাণ করা হবে। ঢাকা ও নারায়ণগঞ্জের পরে নাটোর ও মাদারীপুরে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে নদীর তীরে ইকোপার্ক নির্মাণ করা হবে। এ সকল পার্ক পরিচালনার জন্য সরকারের যথেষ্ট পরিমাণ জনবল নেই। এ জন্য আমরা বেসরকারি পরিচালনায় পার্কগুলো নির্মাণের অনুমোদন দিয়েছি। যাতে নদীর তীরে শিশু কিশোরদের বিনোদনের ব্যবস্থা হয়।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুরে বরফকল খেয়াঘাট সংলগ্ন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের পরিচালনায় বিআইডব্লিউটিএ ইকোপার্কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন নৌমন্ত্রী।

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ঐতিহ্যবাহী বরফকল মাঠ সম্পর্কে নৌমন্ত্রী বলেন, শিশু কিশোর খেলোয়াড়দের মাঠের দাবি অপূরণ থাকবে না। যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত এই মাঠটি খেলার মাঠ হিসেবে থাকবে। এই মাঠে খেলোয়াড়রা খেলাধুলা করতে পারবে।

নৌমন্ত্রী বলেন, বিএনপি আমলে আদমজিসহ বিভিন্ন কলকারখানা বন্ধ করে দিয়ে সোয়া লাখ শ্রমিককে বেকার করে দেয়া হয়েছিল। খালেদা জিয়া ওয়ার্ল্ড ব্যাংকের কাছে জিম্মি হয়ে পড়েছিল। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ করছেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতি বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ আভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন প্রমুখ।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম