ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জ সোনারগা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

সোমবার উপজেলার সনমান্দি ইউনিয়েনের মামুদিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুরুজ মিয়ার ভাই আহত মাহমুদউল্লাহ ও হালিমের পক্ষের হালিম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন। ঘটনার পর ইয়াছিন নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের মামুদি গ্রামের আব্দুস সামাদের সঙ্গে আব্দুল হালিমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে সোমবার সকালে আব্দুস সামাদের ছেলে সুরুজ মিয়ার সঙ্গে হালিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠি-সোটা, দা, টেঁটা বল্লম ও রড নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় সুরুজ মিয়ার বাবা আব্দুস সামাদ, সুরুজ মিয়া, স্ত্রী তানজিলা, মাহমুদউল্লাহ ও হালিম পক্ষের আছিয়া, লিটন, আব্দুল্লাহ ও আখিসহ ১০ জন আহত হন।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস