না.গঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তবে ব্যবসায়ী সালাউদ্দিনের চুরি হওয়া মোটরসাইকেল ৯ মাস পর ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সোমবার রাতে নরসিংদী পলাশ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে এনে চোর সিন্ডিকেটের মূলহোতাদের তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের শনাক্ত মতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতাররা হলেন নরসিংদীর পলাশ থানার সুলতানপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে করিম ভূইয়া শেখ (৩০), আব্দুল আজিজের ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও একই থানার উত্তর চরপাড়ার মৃত বাবর আলীর ছেলে ইদ্রিস আলী (৪৩)।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ মাস আগে শিবু মার্কেট এলাকার ব্যবসায়ী সালাউদ্দিনের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেটের সদস্যরা।
পরে সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মোবাইল প্রযুক্তি ও সোর্সদের মাধ্যমে তার নেতৃত্বে থানার এসআই সাইফুর রহমানকে নিয়ে নরসিংদী পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে চোরদের শনাক্ত করে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এসব সিন্ডিকেট চক্রের সদস্যরা কৌশলে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে দেয়। এমনকি অনেকে চোরদের লালন পালন করে মাসিক বেতন দিয়ে মোটরসাইকেল চুরি করিয়ে থাকে। তাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর