ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে নববধূকে গলা টিপে হত্যা

প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৫ মে ২০১৭

গাজীপুরের শ্রীপুরে ভাইয়ের সঙ্গে বাবার বাড়ি যেতে চাওয়ায় এক নববধূকে গলা টিপে হত্যা করেছে স্বামী। শুক্রবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটী গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘাতক স্বামী সজীব মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। সজীব সিরাজগঞ্জ জেলার ধানবান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে। নিহত নববধূ নূরুন্নাহার খাতুন ওরফে তুরজাউন (১৮) একই জেলা শহরের কুঠিয়াবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের বড় ভাই সানোয়ার হোসেন জানান, চলতি বছরের ২৬ মার্চ পারিবারিকভাবে তার বোনের বিয়ে হয়। তার বোনের স্বামী সজীব স্বপরিবারে দক্ষিণ ভাংনাহাটী গ্রামের বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থেকে আসওয়াদ পোষাক কারখানায় চাকরি করত। বিয়ের পর মাত্র একবার সে বাবার বাড়ি যায়। বিয়ের কয়েকদিন পর বাবার বাড়ি বেড়াতে গিয়ে তুরজাউন জানায় প্রায়ই তাকে তার স্বামী, শাশুড়ি হোসনে আরা এবং ননদ তুচ্ছ ঘটনা নিয়ে মারধর ও গালিগালাজ করত। বুঝিয়ে আবারও তাকে স্বামীর কাছে পাঠাই।

শুক্রবার সকালে তুরজাউনকে নিতে আসলে তার স্বামী, শাশুড়ি ও ননদ তাকে যেতে বাধা দেন। আবারও যাওয়ার আবদার করলে দুই দুই বার তাকে মারধর করেন। তৃতীয়বার অনুনয় বিনয় করলে তার স্বামী ঘরের ভেতর নিয়ে তাকে গলা টিপে ধরে। এক পর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকদের ডাকাডাকি করি। তারা এসে অনুরোধের পর দরজা খুলে সজীব বেরিয়ে গিয়ে আরেক ঘরে দরজা লাগিয়ে দেয়। এ সময় তুরজাউনকে ডাকাডাকি করেও জাগাতে পারিনি।

বাড়ির মালিক বাবুল হোসেন জানান, এ ঘটনা শুনে ঘাতক সজীব ও হোসনে আরাকে (৫০)পুলিশে সোপর্দ করা হয়েছে।

শ্রীপুর থানা পুরিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, আটকদের থানা হাজতে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর