ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোববার আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১০:৪০ এএম, ০৬ মে ২০১৭

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা গাজীপুরের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্নস্থানে দিবসটি পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচিতে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে পবিত্র কুরআন খানি, ৬টা ৩০মিনিটে শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শহীদের পরিবারের পক্ষ থেকে তার বাড়ি হায়দরাবাদ গ্রামে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

দুপুরে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার সঙ্গে নিহত রতন, হানিফ, মনির ও আফাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর দলীয় কার্যালয়সমূহে দোয়া অনুষ্ঠিত হবে। এসব দোয়া মাহফিল শেষে গরিব এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি এক বিবৃতিতে তার বাবার শাহাদাৎ বার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া কামনা করে তার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বাদী তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান এক যুগেও শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ও অবিলম্বে তার বড় ভাই আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার টঙ্গীর নিজ বাসভবন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হন। ওই দিন ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন সময়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি নিহত হন।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম