কালীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে মো. আতাব উদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার সকালে নিহতের বাড়ির পাশের একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের একটি আম গাছে গলায় রশি পেঁচানো এক বৃদ্ধের মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, গত এক মাস আগে নিহতের স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্দুর রহমান আরমান/এফএ/এমএস