ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৭ মে ২০১৭

গাজীপুরে প্রকাশ্য দিবোলোকে ব্যস্ততম এলাকা থেকে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনা ঘটে।

ছিনতাইকারিদের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসের এমডি মো. রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়ির চালক মোজাম্মেল হক।

ছিনতাইকারীদের হামলায় আহত প্রাইভেটকার চালক মো. মোজাম্মেল হক জানান, টঙ্গীর আরএন কর্পোরেশনের এমডি মো. রবিউল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে ইসলামী ব্যাংক গাজীপুর চান্দনা চৌরাস্তায় আসেন। সেখান থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রংয়ের পিকআপ দিয়ে তাদের গতিরোধ করে।

gazipur

পরে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ৪-৫ ছিনতাইককারি তার প্রাইভেটকারের দুই পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ছিনতাইকারিরা গুলি করে এবং লোহার রড দিয়ে প্রাইভেটকারের সামনের এবং পাশের দুটি কাচ ভেঙে ফেলে। পরে তাকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করে। এক পর্যায়ে পিছনের ছিটে বসা কারখানার এমডি মো. রবিউল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, ৫ লাখ টাকার উপরে বহন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের সনাক্ত করতে তারা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম